নাটোরে বিকাশ ডিস্ট্রিবিউশন হাউজের সাড়ে তিন লাখ টাকা আত্মসাতের পর ছিনতাইয়ের মিথ্যা নাটক সাজানোর অভিযোগে মো. স্বাধীন হোসেন (২২) নামে এক সেলস অফিসারকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার স্বাধীন সদর উপজেলার দিঘাপতিয়া গ্রামের মৃত আলী হোসেনের ছেলে।
পুলিশ জানায়, বুধবার (১ জুলাই) বিভিন্ন এজেন্ট পয়েন্টে লেনদেনের জন্য তাকে নগদ দুই লাখ টাকা ও বিকাশ হিসাবের মাধ্যমে এক লাখ ৫০ হাজার টাকার ব্যালেন্স দেওয়া হয়। পরে স্বাধীন দাবি করেন সদর উপজেলার নারায়ণপাড়া এলাকায় অজ্ঞাত ব্যক্তিরা তার সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে।
তবে তদন্তে ঘটনাস্থল ও বিভিন্ন তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে পুলিশ জানতে পারে কোনো ছিনতাইয়ের ঘটনা ঘটেনি। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেন, জুয়া খেলায় টাকা হারিয়ে আত্মসাতের ঘটনা আড়াল করতে তিনি ছিনতাইয়ের মিথ্যা গল্প সাজিয়েছিলেন।
এ ঘটনায় বিকাশ ডিস্ট্রিবিউশন হাউজের বিজনেস ম্যানেজারের দায়ের করা মামলায় বৃহস্পতিবার (২ জুলাই) রাতে স্টেশন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহমেদ বলেন, আত্মসাৎকৃত অর্থ উদ্ধারে এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।
রেজাউল করিম রেজা/এসজেডএইচ/জেআইএম








