নড়াইলে চোর সন্দেহে গাছে বেঁধে নির্যাতন করা মানসিক প্রতিবন্ধী যুবক আনোয়ার হোসেন (২৮) মারা গেছেন। বৃহস্পতিবার (২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, “প্রতিবন্ধী আনোয়ার হোসেনকে মারধরের ঘটনায় থানায় একটি মামলা হয়েছিল। ওই মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে। মামলার আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”

আরো পড়ুন: নড়াইলে চোর সন্দেহে মানসিক প্রতিবন্ধীকে নির্যাতন, মামলা

মারা যাওয়া আনোয়ার হোসেন সদর উপজেলার বাঁশগ্রামের মৃত কাওসার মোল্যার ছেলে।

মামলার এজাহার সূত্র ও নিহতের পরিবারের সদস্যরা জানান, গত ২৪ জুন সকালে আনোয়ার হোসেন বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়িতে ফেরেননি। রাতে ঘোরাফেরা করার সময় গোবরা মালোপাড়া গ্রামের প্রসেনজিৎ বিশ্বাস, সৌরভ বিশ্বাস, অপূর্ব বিশ্বাস, আকাশ বিশ্বাস ও হৃদয় বিশ্বাসসহ ৭-৮জন মিলে তাকে চোর সন্দেহ করে ধরে নিয়ে গাছের সঙ্গে বেঁধে মারধর করেন। এতে আনোয়ার হোসেন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় ইউপি সদস্য কামাল শিকদারের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করে। পরের দিন সকালে অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে আটদিন চিকিৎসাধী থাকার পর  বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আনোয়ার হোসেন মারা যান। 

আনোয়ারের বড় ভাই নবীর হোসেন বলেন, “আনোয়ার মানসিক প্রতিবন্ধী ছিল।  আজ সকালে তার মৃত্যু হয়েছে। তাকে মারধরের সঙ্গে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”