চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানে নির্মাণাধীন ব্রিজের অ্যাপ্রোচ সড়ক ও গাইডওয়াল ধসে পড়েছে। কাজ শেষ হওয়ার আগেই প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা। তবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বলছে, টানা বৃষ্টিপাত, পাহাড়ি ছড়ার তীব্র স্রোত এবং নির্মাণকাজের কিছু দুর্বলতার কারণে এই ধসের সৃষ্টি হয়েছে। জানা গেছে, পর্যটকদের যাতায়াত সহজ করতে ২০২৪ সালের ডিসেম্বরে ব্রিজটির নির্মাণকাজ শুরু করে এলজিইডি। ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও ব্রাহ্মণবাড়িয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান খাইরুল ইসলামের কাজ এখনো বাকি। অথচ এরই মধ্যে প্রকল্পের প্রায় ৭০ শতাংশ বিল পরিশোধ করা হয়েছে।
সরেজমিন দেখা যায়, ব্রিজের দুই পাশের অ্যাপ্রোচ সড়ক ধসে গেছে এবং গাইডওয়ালের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কংক্রিটের ব্লক সরে গিয়ে ছিঁড়ে গেছে জিওটেক্সটাইল ব্যাগ। স্থানীয়দের অভিযোগ, ছোট আকারের ব্লক ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণেই সামান্য বৃষ্টির চাপে এই দশা হয়েছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত স্থানে প্রায় ২০০ বস্তা বালু ফেলে সাময়িকভাবে লোক চলাচলের ব্যবস্থা করা হচ্ছে।
চুনারুঘাট উপজেলা প্রকৌশলী মো. ফজলুল হক বলেন, আমি নতুন দায়িত্ব নিয়েছি। অতিরিক্ত বৃষ্টি ও পাহাড়ি ছড়ার প্রবল স্রোতের কারণে অ্যাপ্রোচ সড়ক ও গাইডওয়ালের অংশ ধসে পড়েছে।
এ বিষয়ে বক্তব্যের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি।








