চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শহীদ আবু সাইদ হল থেকে গাঁজা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামসহ ৯ শিক্ষার্থীকে হাতেনাতে আটক করেছে ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিদর্শক দল। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে হলের ৫২৯ নম্বর কক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক শিক্ষার্থীদের চারজন শহীদ আবু সাইদ হলের, তিনজন মুক্তিযোদ্ধা হলের, একজন ড. কুদরাত-ই-খুদা হলের এবং একজন কবি কাজী নজরুল ইসলাম হলের আবাসিক শিক্ষার্থী।

এ ব্যাপারে শহীদ আবু সাইদ হলের সহকারী প্রভোস্ট আব্দুল্লাহ আল রিফাত বলেন, গতকাল রাতে র্শিক্ষার্থীদের মধ্যে একটি সমস্যা সমাধানের জন্য আমরা হলে যাই। পরে সন্দেহজনক একটি কক্ষে অভিযান চালালে কয়েকজন শিক্ষার্থীকে মাদকাসক্ত অবস্থায় পাই। এ সময় কক্ষটি থেকে গাঁজা এবং মাদক সেবনের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. সাইফুল ইসলাম জানান, মাদক ও র?্যাগিংয়ের বিষয়গুলো প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হয়। আগামীকাল রোববার স্টুডেন্ট ডিসিপ্লিন কমিটির সভায় বিষয়টি তোলা হবে।