মুন্সীগঞ্জে হেলিকপ্টারে চড়ে ৮৫ বছর বয়সী দাদিকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরেছেন অস্ট্রেলিয়া প্রবাসী শিক্ষার্থী আশিকুর রহমান সিয়াম। নাতির এমন ব্যতিক্রমী উদ্যোগ দেখতে শত শত উৎসুক মানুষ ভিড় করেন।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের হাজী কমরুদ্দিন স্কুল মাঠে হেলিকপ্টার অবতরণ করে। পরে ৮৫ বছর বয়সী সবেতুন বেগমকে সঙ্গে নিয়ে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন সিয়াম।

সিয়াম দেড় বছর ধরে অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা গ্রহণ করেন। দেড় বছর পর দেশে ফিরে বাবা-মায়ের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করতে তিনি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার দাদিকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে করে মুন্সীগঞ্জে আসেন।

সিয়ামের বাবা সোহেল হাওলাদার বলেন, “আমার ছেলে আমার বাবা-মাকে নিয়ে হেলিকপ্টারে করে বাসায় আসবে— এটাই ছিল আমাদের স্বপ্ন। আজ সে সেই স্বপ্ন পূরণ করেছে।”

হেলিকপ্টারটি স্কুল মাঠে অবতরণের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। এমন ব্যতিক্রমী আগমন একনজর দেখতে মানুষ মাঠে ভিড় করেন। 

পরিবারের সদস্যরা জানান, দাদিকে বিশেষ সম্মান জানানো এবং পরিবারের আনন্দঘন এই মুহূর্ত স্মরণীয় করে রাখতে এমন আয়োজন করা হয়েছে।