ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আয়োজিত ও দেশবন্ধু গ্রুপের সহযোগিতায় ‘মিনি বিশ্বকাপ আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে খেলাধুলার প্রসারের পাশাপাশি শারীরিক শিক্ষা কেন্দ্রের উন্নয়নে বরাদ্দ অর্থ দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় হতাশা প্রকাশ করেন ডাকসুর ভিপি।

শনিবার (১৮ জুলাই) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডাকসুর ভিপি সাদিক কায়েম।

উদ্বোধনী অনুষ্ঠানে সাদিক কায়েম বলেন, “শারীরিক ও মানসিকভাবে সুস্থ জাতি গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের দক্ষতা বিকাশে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ডাকসু ধারাবাহিকভাবে কাজ করবে।”

তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের আর্থিক সীমাবদ্ধতার বিষয়টি জানার পর ডাকসুর উদ্যোগে শারীরিক শিক্ষা কেন্দ্রের উন্নয়নের জন্য ২ কোটি টাকার চেক সংগ্রহ করে সরাসরি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছিল, যাতে পুরো প্রক্রিয়ায় আর্থিক স্বচ্ছতা নিশ্চিত থাকে। তবে ছয় মাস পেরিয়ে গেলেও ওই অর্থ ব্যবহার করে মাঠ বা শারীরিক শিক্ষা কেন্দ্রের কোনো সংস্কারকাজ শুরু হয়নি।”

ডাকসুর ভিপি আ বলেন, “এসব সীমাবদ্ধতা ও অসহযোগিতার মধ্যেও ডাকসু ও হল সংসদ শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। অবশিষ্ট সময়ের মধ্যে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করে একটি নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস রেখে যেতে চায় তারা।”

অনুষ্ঠানে ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন বলেন, “খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, নেতৃত্বগুণ এবং ইতিবাচক প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলবে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য আরও নিয়মিত ও বৃহৎ পরিসরে ক্রীড়া আয়োজন অব্যাহত রাখা হবে।”

আরমান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুটবল কমিটির সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, সহকারী প্রক্টর মুহাম্মদ মাহবুব কায়সার এবং দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মো. ইদ্রিসুর রহমান।

এ সময় ডাকসু ও বিভিন্ন হল সংসদের নেতারা, শিক্ষক, কর্মকর্তা, খেলোয়াড় এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।