দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে নোয়াখালীর দুই প্রবাসী ব্যবসায়ী নিহত হয়েছেন। তাদের একজন বেগমগঞ্জ উপজেলার বেলাল হোসেন ওরফে সুমন (৩৫) ও অপরজন সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের মো. ইয়াসিন (৪০)। পারিবারিক সূত্র জানায়, বুধবার বিকালে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের মেফেয়ার এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সুমন। তিনি বেগমগঞ্জের ৯ নম্বর মিরওয়ারীশপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মনির উদ্দিন মহাজন বাড়ির আব্দুল ওয়াদুদের ছেলে।

স্থানীয়রা জানায়, একদল দুর্বৃত্ত সুমনের দোকানে এসে তাকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। এতে মাথায় ও ঘাড়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই সুমন মারা যান। প্রবাসী ব্যবসায়ীর মৃত্যুতে তার গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, বিষয়টি গণমাধ্যম কর্মীদের থেকে শুনেছি। নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

অপরদিকে সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের সজায়েত উল্লাহর ছেলে ইয়াসিন মঙ্গলবার সন্ধ্যায় দোকান বন্ধ করে বাসার ফটকে পৌঁছলে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে। এ সময় তার সঙ্গে থাকা ৫ বছরের মেয়ে ফারহানা আহত হয়। তবে হাসপাতালে থাকা ফারহানা বিপদ মুক্ত বলে পারিবারিক সূত্রে জানা গেছে।