দক্ষিণের তারকা পরিচালক প্রশান্ত ভার্মার সুপারহিট তেলুগু সিনেমা জম্বি রেড্ডি মুক্তি পেয়েছিল ২০২১ সালে। মাত্র ৪ কোটি রুপি খরচে নির্মিত সিনেমাটি আয় করেছে ১২ কোটি রুপি। সেই সুপারহিট সিনেমার দ্বিতীয় সিক্যুয়াল দিয়েই দক্ষিণের ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে চলেছে সঞ্জয়-মহীপ কাপুরের কন্যা শানায়া কাপুরের। তবে এ সিক্যুয়াল পরিচালনা করবেন সুপর্ন ভার্মা। ২০২৫ সালে বলিউডে তার ডেইব্যু হয়েছিল সন্তোষ সিং পরিচালিত রোম্যান্টিক ড্রামা আঁখো কি গোস্তাকিয়াঁ সিনেমার মাধ্যমে। সিনেমাটি ভালো ব্যবসা না করলেও নিজেকে নায়িকা হিসাবে যথাযথ প্রমাণ দিয়েছেন শানায়া। বিশেষ করে তার দ্বিতীয় সিনেমা বিজয় নাম্বিয়ার পরিচালিত সার্ভাইভাল থ্রিলার তু ইয়া ম্যায় মুক্তি পাওয়ার পর মুম্বাই ইন্ডাস্ট্রিতে তার অবস্থান দৃঢ় হয়। নায়ক আদর্শ গৌরবের বিপরীতে অভিনয় করা এ সিনেমা চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি মুক্তি পেয়ে এখন পর্যন্ত ভালো ব্যবসা করেছে। এর রেশ না-কাটতেই পায়চারী শুরু করলেন দক্ষিণী সিনেমার বারান্দায়। ‘তু ইয়া ম্যায়’ সিনেমায় শানায়া কাপুর অভিনয় করেছেন ‘মিস ভ্যানিটি’ খ্যাত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অবনীর চরিত্রে। তার বিপরীতে আদর্শ গৌরব, যিনি মারুতি ওরফে ‘আলা ফ্লোপাড়া’ চরিত্রে অভিনয় করেছেন। সিনেমার কাহিনি দুই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে ঘিরে, যাদের রোমান্টিক অবকাশ যাপন হঠাৎ ভয়ংকর মোড় নেয়। এ সময় তারা একটি সুইমিং পুলে কুমিরের সঙ্গে আটকা পড়ে!

সিনেমায় ক্যারিয়ার শুরুর আগে মডেল হিসাবে খ্যাতি কুড়িয়েছিলেন শানায়া। ২০২০ সালে বলিউডে পা রাখেন গুঞ্জন সাক্সেনা : দ্য কারগিল গার্ল সিনেমায় পরিচালক শরন শর্মার সহকারী হিসাবে। অভিনয় ক্যারিয়ারের বয়স দুই বছর পেরুতেই সুযোগ পেলেন জম্বি রেড্ডি সিক্যুয়ালে। তেজা সাজ্জার বিপরীতে ‘জম্বি রেড্ডি ২’ দিয়ে তেলেগু চলচ্চিত্রে অভিষেক করতে চলেছেন শানায়া কাপুর। দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুসারে, ‘তু ইয়া ম্যায়’ ছবিতে দানব-ভরা সুইমিং পুলে সাঁতার কাটতে শেষবার দেখা যাওয়া শানায়া কাপুর, তেজা সাজ্জার বিপরীতে ‘জম্বি রেড্ডি ২’ ছবির মাধ্যমে তেলুগু সিনেমায় অভিনয় করতে চলেছেন। সূত্রমতে, এই ছবির শুটিং ইতোমধ্যেই হায়দ্রাবাদে শুরু হয়ে গেছে এবং কাপুর শিগ্গির সেটে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। সিনেমাটির প্রধান নারীচরিত্রে অভিনয় করবেন তিনি।

‘দ্য ফ্যামিলি ম্যান’ এবং ‘রানা নাইডু’-তে কাজের জন্য পরিচিত সুপর্ন ভার্মা সম্প্রতি পরিচালনা করেছেন ‘হক’ সিনেমাটি। ১৯৭০-এর দশকের প্রেক্ষাপটে নির্মিত এই সামাজিক নাটকে ইমরান হাশমি ও ইয়ামি গৌতম অভিনয় করেছেন এবং এতে ঐতিহাসিক শাহ বানো সুপ্রিম কোর্টের রায়ের একটি কাল্পনিক চিত্র তুলে ধরা হয়েছে। সূত্র থেকে জানা গেছে, ভার্মা এই ফ্র্যাঞ্চাইজিতে নতুন প্রাণ সঞ্চার করতে চান, তবে একইসঙ্গে হরর, কমেডি এবং বাণিজ্যিক বিনোদনের সেই মিশ্রণটিও বজায় রাখতে চান-যা মূল সিনেমাটিকে সফল করেছিল।

প্রশান্ত ভার্মা পরিচালিত এবং ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত মূল ‘জম্বি রেড্ডি’ ছিল তেলেগু সিনেমার প্রথম দিকের জম্বি-থিমযুক্ত বিনোদনমূলক ছবিগুলোর মধ্যে অন্যতম। কোভিড-১৯ মহামারির প্রেক্ষাপটে হরর, কমেডি এবং অ্যাকশনের মিশ্রণে তৈরি এই ছবিটি বক্স অফিসে ভালো ব্যবসা করে এবং পরে স্ট্রিমিংয়ের মাধ্যমে আরও ব্যাপক দর্শকপ্রিয়তা লাভ করে। এই সিক্যুয়েলটি পিপল মিডিয়া ফ্যাক্টরি দ্বারা নির্মিত হচ্ছে, যারা সজ্জার ‘মিরাই’ ছবির প্রযোজনা সংস্থা। শোনা যাচ্ছে, ফ্র্যাঞ্চাইজিটি প্রসারিত হওয়ার সঙ্গে সঙ্গে এটি আরও বড় পরিসরে তৈরি করা হচ্ছে।