প্রেম, হাস্যরস আর পারিবারিক গল্পের নাটকগুলোই এখন রয়েছে আলোচনায়। এই তালিকায় যেমন আছে রোমান্টিক নাটক ‘ভালোবাসার গল্প’, তেমনি কমেডি ধাঁচের ‘বড়লোক বাড়ির চোর’ কিংবা মানবিক গল্পের নাটক ‘মিথ্যুকের দল’। অন্যদিকে বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে তৈরি ‘আমাদের বিশ্বকাপ ও ‘ব্রাজেন্টিনা ক্লাব’ নাটক দুটিও দেখছেন দর্শক। দর্শক পছন্দের এই পাঁচ নাটক কেন দেখবেন, কী আছে গল্পে?

তিন দিনেই ৭০ লাখ
প্রচারের তিন দিনের মধ্যেই ‘ভালোবাসার গল্প’ নাটকের ভিউ ৭০ লাখ। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। গ্রামে একসঙ্গে বেড়ে ওঠা দুই বন্ধু এখন শহরে থাকে। এ দুই বন্ধুর ছেলেমেয়েদের বিয়ে ঘিরে গ্রামে আসে দুই পরিবার। বিয়ের মধ্যেই ঘটতে থাকে নানা ঘটনা। বিয়ে ভাঙার উপক্রম হয় একসময়। এমন গল্পের নাটকে আরও অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, আজিজুল হাকিম, দীপা খন্দকার প্রমুখ। রাফাত মজুমদারের পরিচালনায় এটি লিখেছেন ইমরাউল রাফাত।

‘বড়লোক বাড়ির চোর’-এর পোস্টার। ফেসবুক থেকে

‘বড়লোক বাড়ির চোর’-এ কী আছে
বড়লোকের বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়ে চোর। এই চোরকে কেউ পুলিশে দিতে চায়, কেউ মারতে চায়। কিন্তু হঠাৎ করেই সবাইকে চমকে দিয়ে চোর জানায় বড়লোকের বাড়ি হলেও এ বাড়ির নিরাপত্তা খুবই দুর্বল। এটা জানানোর পর চোরকে বাড়ির নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়। কমেডি নাটকটিতে চোরের ভূমিকায় অভিনয় করেছেন নিলয় আলমগীর। আরও রয়েছেন আবুল হায়াত, জান্নাতুল সুমাইয়া হিমি। ক্যাপিটাল ড্রামায় প্রচার হওয়া নাটকটি লিখেছেন শাহজাহান সৌরভ, পরিচালনা করেছেন জুলফিকার ইসলাম।

মানবিক গল্পের ‘মিথ্যুকের দল’
কমেডি নাটকের ভিড়ে মানবিক গল্পের নাটক দিয়ে প্রশংসিত হচ্ছেন অভিনেতা মোশাররফ করিম। নাটকের গল্পে দেখা যায়, স্ত্রী ও সন্তানকে নিয়ে চুরি করে জলিল। জলিলের কাছে থেকে চুরি শিখেছে তার ছোট্ট ছেলে। গ্রামে বিচার বসে। এ ঘটনা তাকে মানসিকভাবে আঘাত করে। এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচারিত হয়েছে। আল আমিন স্বপনের রচনায় এটি পরিচালনা করেছেন তাইফুর জাহান আশিক। নাটকে আরও অভিনয় করেছেন রোবেনা রেজা জুঁই, মাসুম বাসার প্রমুখ। পাঁচ দিনে নাটকটি দেখেছেন ২৭ লাখ দর্শক।

‘এটা আমাদেরই গল্প’–এর এই জনপ্রিয়তা কি অন্য ধারাবাহিকে থাকবে

খেলা নিয়ে আলোচনায় দুই নাটক
ফুটবল বিশ্বকাপ এলেই শুরু হয় খেলা নিয়ে উন্মাদনা। তর্কবিতর্কে মেতে ওঠেন আর্জেন্টিনা–ব্রাজিল সমর্থকেরা। আবার কখনো জার্সি পরে মাঠে নেমে পড়েন দুই দলের সমর্থকেরা। অন্যদিকে স্বামী-স্ত্রী দুই দলের সমর্থক হলেও চলে খুনসুটি। ‘আমাদের বিশ্বকাপ’-এ সেসব চেনা গল্পই উঠে এসেছে। গত সপ্তাহে প্রচার হওয়া নাটকটি দেখেছেন ৫০ লাখের মতো দর্শক। এটি পরিচালনা করেছেন মহিদুল মহিম। অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সুনেরাহ্ বিনতে কামাল।

‘ব্রাজেন্টিনা ক্লাব’ নাটকের পোস্টার থেকে। ফেসবুক থেকে

অন্যদিকে আই স্ক্রিনে প্রচার হচ্ছে ধারাবাহিক ‘ব্রাজেন্টিনা ক্লাব’। কাহিনি আবর্তিত হয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মান–অভিমান, প্রেমের মতো নাটকীয় সব ঘটনাকে কেন্দ্র করে। হাস্যরসের মাধ্যমে গল্পে তুলে ধরেছেন পরিচালক তারিক মুহাম্মদ হাসান। এতে অভিনয় করেছেন তাসনুভা তিশা, ইশতিয়াক আহমেদ রুমেল, শহিদ উন নবী, আনোয়ার, জাবেদ গাজী, অপু, আশিক, তানভীর। প্রতি শনি ও রোববার রাত ১০টা ১০ মিনিটে চ্যানেল আইয়ে এটি প্রচারিত হচ্ছে।