দীর্ঘদিন পর আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন জনপ্রিয় টিভি সিরিজ ডসনস ক্রিক-এর দুই তারকা কেটি হোমস ও জশুয়া জ্যাকসন। তাদের অভিনীত নতুন সিনেমা ‘হ্যাপি আওয়ার্স’ সম্প্রতি ট্রিবেকা ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে। সিনেমাটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন কেটি হোমস। তিনি জানান, কোভিড-১৯ মহামারির পর মানুষের মধ্যে বেড়ে যাওয়া একাকিত্ব ও সামাজিক বিচ্ছিন্নতার অভিজ্ঞতা থেকেই সিনেমাটি নির্মাণের ভাবনা আসে। তার আশা, এটি দর্শকদের মধ্যে নতুন করে আশা ও মানবিক সংযোগের অনুভূতি জাগিয়ে তুলবে। জশুয়া জ্যাকসনের মতে, সিনেমার মূল বার্তা হলো, জীবনে ভালোবাসা সবসময়ই সম্ভব এবং কোনো নির্দিষ্ট পথ অনুসরণ করতেই হবে এমন নয়। মানুষের জীবনে নতুন সুযোগ ও সম্পর্কের সম্ভাবনা সবসময় থাকে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন জন ম্যাকগিনটি, ডোনাল্ড ওয়েবার জুনিয়র, কনস্ট্যান্স উ এবং জো টিপেটসহ আরও অনেকে। সহশিল্পীরা কেটি হোমসকে একজন অনুপ্রেরণাদায়ী ও সহযোগিতাপূর্ণ পরিচালক হিসাবে প্রশংসা করেছেন। সম্পর্ক, পুনর্মিলন এবং জীবনের নতুন সম্ভাবনার গল্প নিয়ে নির্মিত ‘হ্যাপি আওয়ার্স’ ইতোমধ্যে দর্শকদের আগ্রহের কেন্দ্রে চলে এসেছে।








