ডাসারে প্রাইভেট পড়ানোর ছলে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগ ওঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে এবং শিক্ষকের শাস্তি চেয়ে বিদ্যালয় প্রাঙ্গণে বৃহস্পতিবার বিক্ষোভ করেছে কাজীবাকাই ইউনিয়নের বীরমোহন উচ্চ বিদ্যালয়ের ভুক্তভোগী শিক্ষার্থী ও তাদের সহপাঠীরা। অভিযুক্ত আজাদ হোসেন হাওলাদার ওই স্কুলের বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক। অভিযোগ সূত্রে জানা যায়, নবম শ্রেণির কয়েকজন শিক্ষার্থীকে প্রাইভেট পড়ানোর সময় কুপ্রস্তাব দেন ওই শিক্ষক। এছাড়া বিভিন্ন সময় শ্রেণিকক্ষেও শিক্ষার্থীদের নানা কারণে তিনি যৌন হয়রানি করে আসছেন। ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছেন ইউএনও। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাহ্ উদ্দিন আকন বলেন, দুইজন শিক্ষার্থীর অভিযোগ পাওয়া গেছে। পুরো ঘটনা তদন্ত ছাড়া বলা যাবে না। বিক্ষোভের কারণে তিনি বিদ্যালয়ে আসেননি। শিক্ষক আজাদ হোসেন হাওলাদার বলেন, তদন্তেই উঠে আসবে ঘটনার আসল রহস্য। এ ব্যাপারে আমার কিছুই বলার নেই। ইউএনও জাকিয়া সুলতানা বলেন, খবর পেয়ে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ তাদের আশ্বাস দিলে শিক্ষার্থীরা শান্ত হয়। তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।








