বোয়ালমারীতে বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড কর্তৃক প্রতিষ্ঠিত একটি দাতব্য হোমিওপ্যাথি মেডিকেল সেন্টারে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহারের অভিযোগে এ জরিমানা করা হয়েছে, অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। অভিযানে চিকিৎসাকেন্দ্রে সংরক্ষিত ও রোগীদের সরবরাহ করা ওষুধপত্র যাচাই-বাছাই করে দেখা যায়, ব্যবহৃত ও বিতরণকৃত ওষুধের প্রায় ৯৯ শতাংশই মেয়াদোত্তীর্ণ। বৃহস্পতিবার দুপুরে বোয়ালমারী পৌরসভা ভবনে অবস্থিত সেন্টারটিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় প্রতিষ্ঠানটির পরিচালক ও মেডিকেল অফিসার ডা. মিহির কান্ত পাল উপস্থিত ছিলেন না। নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদ বলেন, দায়িত্বে অবহেলার অভিযোগে মেডিকেল অফিসার ডা. মিহির কান্ত পালের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের কাছে সুপারিশ করা হবে। উল্লেখ্য, দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড ২০১২ সাল থেকে বোয়ালমারী পৌরসভা ভবনে দাতব্য হোমিওপ্যাথি মেডিকেল সেন্টারটি পরিচালনা করে আসছে।