দৌলতখানে মদনপুর চরে বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ দ্রুত পুনরায় চালুর দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় চরবাসী। ২০২১ সালে শেষের দিকে বিদ্যুৎ সংযোগ চালুর মাত্র ছয় মাসের মাথায় সাবমেরিন ক্যাবল ছিঁড়ে যাওয়ার পর থেকে আজও সেখানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। রোববার সকালে মদনপুর ইউনিয়নে এ মানববন্ধন হয়। মানববন্ধনে অংশ নেওয়া শত শত নারী-পুরুষ বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের দাবি জানান। মানববন্ধনে মদনপুর চরের ব্যবসায়ী জামাল উদ্দিন সকেট বলেন, মদনপুর চর অঞ্চলে প্রায় ১৫ হাজার মানুষের বসবাস। তবে চার বছর ধরে এখানে বিদ্যুৎ নেই। দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় চরম দুর্ভোগে পড়েছেন চরাঞ্চলের বাসিন্দা। সন্ধ্যা নামলেই পুরোএলাকা অন্ধকারে ডুবে যায়। শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে, ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন জীবনযাত্রাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি ভোলা-২ আসনের সংসদ-সদস্য হাফিজ ইব্রাহিমের সহযোগিতা কামনা করেন।