মাদারগঞ্জ-সারিয়াকান্দি রুটে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। রোববার উপজেলা পরিষদ সংলগ্ন হাইওয়ে রোড়ে এ মানববন্ধন পালিত হয়। মানববন্ধনে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন। এতে বক্তব্য দেন- উপজেলা বিএনপির সভাপতি মঞ্জুর কাদের বাবুল খান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক খালেদ মাসুদ সোহেল তালুকদার প্রমুখ। বক্তারা বলেন, দ্বিতীয় যমুনা সেতুটি মাদারগঞ্জ-সারিয়াকান্দি রুটে নির্মিত হলে সেতুটির দৈর্ঘ্য আট কিলোমিটার হবে। অপরদিকে দেওয়ানগঞ্জ-বালাসীঘাট রুটে নির্মিত হলে সেতুর দৈর্ঘ্য হবে ১৬ কিলোমিটার। মাদারগঞ্জ-সারিয়াকান্দি রুটে সেতু নির্মাণ হলে অর্থসাশ্রয়সহ উত্তর বঙ্গের সঙ্গে জামালপুর, ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোনাসহ সিলেট বিভাগের জনসাধারণের যোগাযোগে সময় অনেক কম লাগবে।








