জীবন-খতিয়ান
কতজনের পাশে দাঁড়িয়ে দেখেছি
কি বিস্ময়করভাবে তাদের আনন্দের ভিতরে
অনর্গল কথা বলছে আর্তনাদ
কখনো কখনো তাদের আর্তনাদের ভিতরে
শান্তিও দেখেছি।
আবার এও দেখেছি , তাদের শান্তির ভিতরেই
সমুদ্রের সাঁইসাঁই ঝড়
আহারে , আহা ; মানুষের জীবন-খতিয়ানে
কত আঁকিবুকি !
---------------------
কিছুটা পুড়ে , কিছুটা রাখে
যেহেতু পোড়ালে তুমি , তাই পুড়েনি সবটুকু
তোমার আগুন এমনই , কিছুটা পুড়ে ; কিছুটা রাখে
তোমার প্রত্যাখ্যানও সর্বাংশে প্রত্যাখ্যান নয়
আমাকে নিয়ে আগুন-খেলাই তোমার পরমানন্দ
আর ওই ভস্ম থেকে আমার ফের জেগে ওঠা
ফের তোমাকে সংকোচহীনতায় ছুঁতে যাওয়া।
-----------------------------------
অবশিষ্টাংশ
তুমি পোড়ালে বলেই বেশ কিছু অবশিষ্ট আছে
সাধারণত আগুনে পোড়ালে ভস্মটুকু হলেও অবশিষ্ট থাকে
কিন্তু লোকে পোড়ালে তাও থাকে না
কিচ্ছু থাকে না , কিচ্ছু না ।
তুমি আমার কাছে সব কিছুর ঊর্ধ্বে
তোমার জন্যই আমি সর্বংসহা
তাই তুমি পোড়ানোর পরও এই দেখো
কত কিছু অবশিষ্ট রয়ে গেছে।
তুমি এসো , যেকোনো সময় এসো
আর কিছু না পাও এই অবশিষ্টাংশ তো পাবে
যেটুকু গচ্ছিত রয়েছে খুচরা পয়সার মতো সময়ের গর্ভে।
তুমি অনন্ত , তুমি স্বপ্নের বিস্তর জমিন
তাই তোমার আগুন কি আমাকে নিঃশেষ করতে পারে !
এইচআর/জেআইএম








