তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দেশে ব্যাপক পরিমাণ সারের মজুত রয়েছে। বিদেশ থেকেও সার আমদানি করা হচ্ছে। দেশে সারের কোনো সংকট নেই। যারা কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে সার বিক্রির চেষ্টা করছে তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে।

আজ শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহের নান্দাইলে সার ও বীজ মনিটরিং কমিটির সভায় উপদেষ্টার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে যদি কেউ সারের কৃত্রিম সংকট তৈরি করে এবং কোনো কৃষক ভাই অভিযোগ দেন, তাহলে সত্যতা পেলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে ডিলারশিপ বাতিল করে দেওয়া হবে।

ইয়াসের খান চৌধুরী আরও বলেন, সারের সংকট মোকাবিলায় ইতিমধ্যে কমিটি গঠন করা হয়েছে। ডিলারদের সার বিতরণ তদারকি করা হবে। তারা যেন প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে সঠিকভাবে সার বিক্রি করেন। সংকট মোকাবিলায় নতুন করে ডিলার নিয়োগের বিষয়েও মন্ত্রিপরিষদের সভায় আলোচনা হয়েছে।

এ সময় প্রতিমন্ত্রী আমন মৌসুমে সুষ্ঠুভাবে সার বিতরণের ওপর জোর দিয়ে উপজেলা কৃষি কর্মকর্তাকে প্রয়োজনীয় তদারকির তাগিদ দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাঈমা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার, বিসিআইসি সার ডিলার, খুচরা সার ডিলার ও স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন।