তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর পাওয়া গণতান্ত্রিক বাংলাদেশে এখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সেই লক্ষ্যে দিন-রাত পরিশ্রম করে চলেছেন।’ শুক্রবার বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘বৃক্ষরোপণ শুধু আনুষ্ঠানিক কর্মসূচি নয়, এটি জাতীয় দায়িত্ব। গাছ লাগানোর পাশাপাশি তার পরিচর্যাও নিশ্চিত করতে হবে। তাহলেই আমরা একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে পারব। আমাদের প্রধানমন্ত্রী রাষ্ট্রপ্রধান হিসাবে নয়, রাষ্ট্রনায়ক হিসাবে দেশ ও দেশের মানুষের উন্নয়নে কাজ করছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি হিসাবে তিনি দেশ ও দেশের উন্নয়নে জীবন বাজি রেখে কাজ করে চলেছেন।’
জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ৪৫তম শাহাদাতবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমান।
বৃক্ষরোপণ কর্মসূচির পর বরিশাল সার্কিট হাউজে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন তথ্যমন্ত্রী। এ সময় তিনি ১৩ জুলাই প্রধানমন্ত্রীর সফর সফলের নানা বিষয় নিয়ে আলাপ করেন।








