ঢাকার মোহাম্মদপুর এলাকার কুখ্যাত কিশোর গ্যাং কবজি কাটা গ্রুপের এক সক্রিয় সদস্যকে দেশীয় অস্ত্রীসহ গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। গ্রেফতারকৃতের নাম শহিদুল ইসলাম আপন (২৮)।

রোববার (১২ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

সিটিটিসির বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, গতকাল শনিবার (১১ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে সিটিটিসির সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি অভিযানিক দল শেখেরটেক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে কুখ্যাত কিশোর গ্যাং কবজি কাটা গ্রুপের সক্রিয় সদস্য আপনকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে একটি চাপাতি ও একটি সুইচ-গিয়ার উদ্ধার করা হয়। গ্রেফতার আপনের বিরুদ্ধে ডিএমপির আদাবর থানায় পূর্বের একটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

কেআর/এমকেআর