ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ভূমি মন্ত্রণালয়ের চলমান সব ডিজিটাল সেবা এবং সফটওয়্যার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এবং বাংলাদেশি প্রকৌশলীদের নিজস্ব মেধা ও শ্রমে তৈরি করা হয়েছে। এমনকি অত্যন্ত সাশ্রয়ী খরচে প্রস্তুত করা একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যারের উদ্ভাবকও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) একজন শিক্ষার্থী।বৃহস্পতিবার (২ জুলাই) চুয়েটের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক কোর্সের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান।নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, চুয়েটে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ার মধ্য দিয়ে শিক্ষার্থীরা দেশের মেধার এক অনন্য অংশে নিজেদের যুক্ত করেছেন।তিনি শিক্ষার্থীদের জীবনের এই নতুন অধ্যায়কে অর্থবহ করে তুলতে গভীর অধ্যবসায় ও গবেষণামুখী দৃষ্টিভঙ্গি বজায় রাখার আহ্বান জানান।বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রকৌশলীদের সুনামের কথা উল্লেখ করে মীর হেলাল বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশ সফরকালে আমি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি ও কানাডার মতো উন্নত দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে চুয়েটের প্রাক্তন শিক্ষার্থীদের সাফল্যের সঙ্গে কাজ করতে দেখেছি। গুগল, অ্যামাজন, টেসলা, সিমেন্স ও স্যামসাংয়ের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানে চুয়েটিয়ানরা মেধার স্বাক্ষর রাখছেন, যা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে।’তিনি আশা প্রকাশ করেন, বর্তমান শিক্ষার্থীরাও একদিন বিশ্বমঞ্চে নিজেদের যোগ্যতার প্রমাণ দেবে।ভূমি মন্ত্রণালয়ের আধুনিকায়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশের ভূমি সেবার সিংহভাগ কার্যক্রমই ডিজিটাল প্ল্যাটফর্মে সম্পন্ন হচ্ছে। ভূমি অ্যাপের মাধ্যমে নাগরিকরা এখন ঘরে বসেই ভূমি উন্নয়ন কর প্রদান, নামজারি (মিউটেশন) ও ই-পর্চাসহ বিভিন্ন সেবা নিতে পারছেন। এছাড়া মাঠপর্যায়ের কর্মকর্তাদের তদারকির জন্য জিওফেন্সিং প্রযুক্তিনির্ভর ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ ব্যবহার করা হচ্ছে।তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘ছাত্রজীবনে সাফল্য-ব্যর্থতা আসতেই পারে, কিন্তু কোনো অবস্থাতেই মাদকের পথে পা বাড়ানো যাবে না। মাদক মানুষের মেধা ও উজ্জ্বল ভবিষ্যৎকে স্তব্ধ করে দেয়।’তিনি শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী ও ইতিবাচক মানসিকতা নিয়ে সব প্রতিকূলতা জয় করার পরামর্শ দেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন শিক্ষক, কর্মকর্তা ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রযুক্তি
দেশীয় প্রযুক্তিতেই ডিজিটাল হচ্ছে ভূমি সেবা: ভূমি প্রতিমন্ত্রী

শেয়ার করুন






