খাবার ঘরকে সুন্দর ও পরিপাটি রাখতে শুধু ভালো টেবিল বা চেয়ার থাকলেই হয় না, প্রয়োজন সঠিক স্টোরেজেরও। বিশেষ করে ছোট ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্টে বাসনপত্র, গ্লাস, কাপ কিংবা সার্ভিং বোল রাখার জন্য অতিরিক্ত জায়গা পাওয়া বেশ কঠিন। এ ক্ষেত্রে দেয়ালে লাগানো ক্রোকারি ইউনিট হতে পারে দারুণ সমাধান। ক্রোকারি ইউনিট বা ক্রোকারি ক্যাবিনেট হলো ডিনার সেট, গ্লাস এবং রান্নার বা ডাইনিংয়ের জিনিসপত্র সুন্দরভাবে সাজিয়ে রাখার বা গুছিয়ে রাখার একটি বিশেষ আসবাব।

ফ্লোর স্পেস দখল না করেই এই ইউনিট প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রাখতে সাহায্য করে। একই সঙ্গে এটি খাবার ঘরের সৌন্দর্যও বাড়িয়ে তোলে। সঠিক উপাদান, নকশা এবং উচ্চতা নির্বাচন করলে একটি ওয়াল-মাউন্টেড ক্রোকারি ইউনিট যেমন ব্যবহারিক হয়, তেমনি রক্ষণাবেক্ষণও সহজ হয়।

যে কারণে জনপ্রিয় হচ্ছে ওয়াল-মাউন্টেড ক্রোকারি ইউনিট

ইন্টেরিয়র ডিজাইনারদের মতে, একটি ভালো ক্রোকারি ইউনিটের কাজ শুধু স্টোরেজ নয়, এটি ঘরের সাজসজ্জারও গুরুত্বপূর্ণ অংশ। তাই ইউনিটটি এমনভাবে ডিজাইন করা উচিত, যাতে একদিকে প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রাখা যায়, অন্যদিকে সুন্দর ডিনারওয়্যার বা শোপিসও আকর্ষণীয়ভাবে প্রদর্শন করা যায়।

ছোট বাসায় দেয়ালে লাগানো ইউনিট বিশেষভাবে কার্যকর। কারণ এতে মেঝের জায়গা পুরোপুরি খালি থাকে এবং ঘরও অনেক বেশি প্রশস্ত ও খোলামেলা দেখায়। আবার বড় বাড়িতেও এটি অতিরিক্ত ভারী ফার্নিচার ছাড়াই ডাইনিং স্পেসকে আরও পরিপাটি ও আধুনিক করে তোলে।

jago

যে ধরনের ডিজাইন বেছে নেবেন

বর্তমানে ওয়াল-মাউন্টেড ক্রোকারি ইউনিটের নানা ধরনের ডিজাইন পাওয়া যায়। আপনার ঘরের আকার, ব্যবহার এবং সাজসজ্জার ধরন অনুযায়ী উপযুক্ত নকশা বেছে নেওয়া উচিত।

কাঠ ও কাচের সমন্বয়ে তৈরি ইউনিট এখন সবচেয়ে জনপ্রিয়। কাঠ এবং কাচের স্বচ্ছতা মিলিয়ে এটি ডাইনিং স্পেসে আভিজাত্যের ছোঁয়া এনে দেয়। কাচের শাটারের ভেতরে সুন্দর ডিনার সেট, গ্লাস বা সিরামিক সংগ্রহ প্রদর্শন করাও সহজ হয়।
যারা আধুনিক ও মিনিমাল লুক পছন্দ করেন, তাদের জন্য ব্যাকলিট ওপেন শেলফ দারুণ একটি বিকল্প। তাকের পেছনে লাইট থাকলে বাসনপত্র আরও আকর্ষণীয়ভাবে ফুটে ওঠে এবং পুরো ঘরের পরিবেশও বদলে যায়।

আবার ছোট রান্নাঘর বা কম জায়গার জন্য কম্প্যাক্ট ওয়াল ইউনিট সবচেয়ে উপযোগী। এতে প্রয়োজনীয় প্লেট, কাপ বা বাটি হাতের কাছেই থাকে, কিন্তু অতিরিক্ত জায়গা দখল করে না।

jago

ওপেন শেলফ নাকি বন্ধ ক্যাবিনেট

ডাইনিং রুমের জন্য অনেকেই ওপেন শেলফ এবং বন্ধ ক্যাবিনেটের সমন্বিত ডিজাইন বেছে নেন। খোলা তাকগুলোতে শোপিস, কাপ, প্লেট বা সাজানো ডিনারওয়্যার রাখা যায়। অন্যদিকে বন্ধ ক্যাবিনেটে প্রতিদিন ব্যবহারের বাসনপত্র রাখলে ঘর অনেক বেশি পরিপাটি
দেখায়।

বিশেষজ্ঞদের পরামর্শ, কাচের শাটার বা ওপেন শেলফে অতিরিক্ত জিনিস না রেখে প্রতি তাকেই তিন থেকে পাঁচটি নির্বাচিত সামগ্রী সাজান। এতে ইউনিটটি পরিপাটি ও ভারসাম্যপূর্ণ দেখাবে।

আরও পড়ুন

ছোট ফ্ল্যাটে যেসব দোলনা বসাবেন

উপাদান নির্বাচনে খেয়াল রাখা

দীর্ঘদিন ব্যবহার করতে চাইলে ভালো মানের ইঞ্জিনিয়ারড উড, সলিড উড বা আর্দ্রতা-প্রতিরোধী বোর্ড ব্যবহার করাই ভালো। কাচ ব্যবহার করলে টেম্পার্ড গ্লাস বেছে নেওয়া নিরাপদ। কারণ এটি তুলনামূলকভাবে বেশি মজবুত এবং দুর্ঘটনার ঝুঁকিও কম। হ্যান্ডেল, হিঞ্জ ও অন্যান্য ফিটিংসের মানও ভালো হওয়া জরুরি। কারণ এগুলোই ইউনিটের স্থায়িত্ব অনেকাংশে নির্ধারণ করে।

আরও পড়ুন

পুরোনো শাড়ি দিয়ে ঘর সাজানোর সহজ উপায়

ভালো ক্রোকারি ইউনিট শুধু বাসনপত্র রাখার জায়গা নয়, এটি ডাইনিং স্পেসের অন্যতম আকর্ষণও হতে পারে। তাই প্রয়োজনের চেয়ে বেশি জিনিস প্রদর্শন না করে স্টোরেজ ও ডিসপ্লের মধ্যে ভারসাম্য রাখুন। ঘরের আকার, ব্যবহার এবং ইন্টেরিয়রের সঙ্গে মিলিয়ে সঠিক ডিজাইন বেছে নিলে আপনার খাবার ঘর হবে পরিপাটি, আধুনিক। 

সূত্র: হোম লেন

এসএকেওয়াই