শহর ও গ্রামের মধ্যে বিদ্যুৎ সরবরাহে বৈষম্য দূর করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
তিনি বলেন, দীর্ঘদিনের কেন্দ্রীভূত অবকাঠামো ও সঞ্চালন ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে কিছু এলাকায় সমস্যা থাকলেও তা ধাপে ধাপে দূর করা হবে। অতীতের অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে কিছু বৈষম্য থাকলেও তা ধাপে ধাপে দূর করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।
সোমবার (৬ জুলাই) রাজধানীর নবাব আব্দুল গণি রোডে বিদ্যুৎ ভবনের বিজয় হলে চলমান বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন, সঞ্চালন নেটওয়ার্ক শক্তিশালীকরণ এবং গ্রাহকসেবা উন্নয়নের মাধ্যমে শহর ও গ্রামের মধ্যে বিদ্যুৎ সরবরাহের বিদ্যমান বৈষম্য দূর করা হবে।
আরও পড়ুন
জুনের বিদ্যুৎ বিল নিয়ে বিভ্রান্তি, ব্যাখ্যা দিলো বিদ্যুৎ বিভাগ
তিনি আরও বলেন, সরকার বিদ্যুৎ উৎপাদনে আমদানিনির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ওপর গুরুত্ব দিচ্ছে। সরকারের মেয়াদ শেষে নবায়নযোগ্য জ্বালানি থেকে প্রায় ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জনের লক্ষ্য নিয়ে কাজ চলছে।
বিশেষ ক্ষমতা আইনের আওতায় সম্পাদিত বিদ্যুৎকেন্দ্রের চুক্তি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সরকার চাইলে এসব চুক্তি রাতারাতি বাতিল করতে পারছে না, কারণ সেগুলো আইনগতভাবে বলবৎ রয়েছে। তাই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে যেখানে সম্ভব, চুক্তির শর্ত পুনর্বিবেচনা ও সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে একতরফাভাবে চুক্তি বাতিল করা হচ্ছে না।
সংবাদ সম্মেলনে জুন মাসের বিদ্যুৎ বিল সংক্রান্ত বিদ্যুৎ বিভাগের লিখিত বক্তব্য পড়ে শোনান বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ।
এসময় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজিমসহ বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এনএস/ইএ








