ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্টের অল্প দূরত্বে সংঘবদ্ধ ডাকাতির শিকার হয়েছেন জাপানপ্রবাসী এক দম্পতি। রাজধানীর উদ্দেশে বিমান ধরতে যাওয়ার পথে দেশীয় অস্ত্রের মুখে তাদের কাছ থেকে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
বুধবার (৮ জুলাই) রাত প্রায় ৯টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা টোলপ্লাজা-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আরমান (৪০) ফেনী জেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে জাপানে বসবাস করছেন। পরিবারের সদস্যদের নিয়ে পুনরায় জাপান যাওয়ার উদ্দেশ্যে ফেনী থেকে একটি হাইয়েস মাইক্রোবাসে করে ঢাকার পথে রওনা হন।
ভুক্তভোগীদের অভিযোগ, মেঘনা টোলপ্লাজার কাছে পৌঁছালে ৫ থেকে ৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল চাপাতি, ছুরি ও লোহার রড নিয়ে তাদের গাড়ির গতিরোধ করে। গাড়ি থামানোর পর আরমান ও তার পরিবারের সদস্যদের মারধর করে তাদের কাছ থেকে প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার, একটি আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ তিনটি মোবাইল ফোন এবং নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
ভুক্তভোগীদের দাবি, লুট হওয়া স্বর্ণালংকারের বাজারমূল্য ৩০ লাখ টাকারও বেশি।
ঘটনার এক প্রত্যক্ষদর্শী মোটরসাইকেল আরোহী জানান, সড়কে কয়েকজনকে চাপাতি হাতে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি মোটরসাইকেল থামিয়ে দেন। কিছুক্ষণ পর তার সামনেই মাইক্রোবাসটি ঘিরে ডাকাতি সংঘটিত হয়।
এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্টের এত কাছাকাছি কীভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
কাচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, ঘটনাটি মেঘনা টোলপ্লাজার কাছাকাছি হলেও মূল মহাসড়কে নয়, পাশের একটি নিচু সড়কে ঘটেছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তিনি বলেন, ডাকাতির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। চেকপোস্টের নিকটে ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
The post ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রবাসী দম্পতির ওপর ডাকাতি, লুট ৩০ লাখ টাকার স্বর্ণালংকার appeared first on ZoomBangla.







