নিম্নচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে গত কয়েক দিন ধরেই সারাদেশে বৃষ্টি হচ্ছে। উত্তরের নদ-নদীর পানি যেমন বেড়েছে, টানা বৃষ্টিতে চট্টগ্রামসহ বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা। পাশাপাশি ভূমিধসের মতো ঘটনায় এরই মধ্যে অনেকের প্রাণ গেছে। বিভিন্ন জেলায় আশঙ্কা তৈরি হচ্ছে বন্যা পরিস্থিতির। এর মধ্যেই রাজধানী ঢাকায় ভারী বৃষ্টি শুরু হয়েছে।
ঢাকার আকাশে তিন-চারদিন ধরেই থেমে থেকে বৃষ্টি ঝরছে। শনিবার (১১ জুলাই) রাত থেকে ঢাকায় মুষলধারে বৃষ্টি শুরু হয়। এতে অনেক এলাকার প্রধান সড়ক ও অলিগলিতে হাঁটুসমান পানি জমেছে। নানা শ্রেণি-পেশার মানুষকে বৃষ্টি মাথায় নিয়েই গন্তব্যে ছুটতে দেখা গেছে।

সকালে রাজধানীর বিভিন্ন সড়কে দেখা যায়, সাতসকালের বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন পথচারী ও খেটে খাওয়া মানুষ। বৃষ্টি থেকে রক্ষায় কেউ ছাতা মাথায়, কেউ পলিথিনে মুড়িয়ে রেখেছেন নিজেকে। কেউ কেউ রেইনকোট পরে গন্তব্যে ছুটেছেন।
আরও পড়ুন
ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্কুলে ছুটি ঘোষণা, পরীক্ষা স্থগিত
আবহাওয়া অফিস সূত্র জানায়, গত কয়েকদিন ধরে ঢাকাসহ দেশের অধিকাংশ অঞ্চলে টানা বৃষ্টি হচ্ছে। মধ্যরাত থেকে ঢাকায় থেমে থেমে বৃষ্টি হয়। ভোর থেকে শুরু হয় টানা বৃষ্টি। কয়েক ঘণ্টার বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।
এদিকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে।

রোববার (১২ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এদিকে ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম ও কক্সবাজারে জলাবদ্ধতার পাশাপাশি পাহাড়ধসের ঘটনায় অনেকের প্রাণহানি হয়েছে। আতঙ্কে দিন কাটছে সেসব এলাকার বাসিন্দাদের।
বিএ






