মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার কারণে বিদেশি তেলের সরবরাহ ব্যাহত হওয়ায় কিউবায় আবারও দেশব্যাপী বিদ্যুৎব্যবস্থা ভেঙে পড়েছে। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এটি দ্বিতীয়বারের মতো জাতীয় পর্যায়ের বিদ্যুৎ বিপর্যয়ের মুখে পড়েছে দেশটি। শনিবার দেশটির বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা ইউনিয়ন ইলেকট্রিকা দে কিউবার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞার চাপ মোকাবিলা করছে কিউবা। ১৯৬০-এর দশক থেকে দেশটির ওপর যুক্তরাষ্ট্রের বাণিজ্য অবরোধ কার্যকর রয়েছে। যা আধুনিক ইতিহাসের দীর্ঘতম নিষেধাজ্ঞাগুলোর একটি হিসাবে বিবেচিত। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ট্রাম্প কিউবার কমিউনিস্ট সরকারের ওপর চাপ বাড়ানোর নীতি অনুসরণ করছেন। এর অংশ হিসাবে বিদেশি জ্বালানি সরবরাহেও নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে, যা দেশটির বিদ্যুৎ উৎপাদনে বড় ধরনের প্রভাব ফেলছে।