রাজধানীর মগবাজারে অবস্থিত বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন লাগার পর কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এসব এলাকার বাসিন্দারা।
শনিবার (১১ জুলাই) দুপুরে তেজগাঁও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কারওয়ান বাজার, তেজগাঁও, বাংলামোটর, মগবাজার, নিউ ইস্কাটন, কাকরাইল ও শেরেবাংলা নগর এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে।
তবে অধিকাংশ এলাকায় বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ ফেরানো হয়। তবে সন্ধ্যা পর্যন্ত বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ও কারওয়ান বাজার এলাকার প্রায় ১৫ হাজার গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন। এখনও আশপাশের অনেক এলাকা বিদ্যুৎহীন অবস্থায় আছে।
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) প্রধান প্রকৌশলী মোহাম্মদ তারিকুল হক গণমাধ্যমকে বলেন, মগবাজার উপকেন্দ্রে ‘ফ্ল্যাশিংয়ের’ পর দুটি ব্রেকার ও কয়েকটি কেবল ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পরপর তেজগাঁও এলাকার প্রায় ৪০ হাজার গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিলো। বিকল্প ব্যবস্থায় ওই এলাকার অধিকাংশ গ্রাহকের বিদ্যুৎ ফিরিয়ে আনা হয়। বাংলামোটর এলাকার তিনটি ফিডারের আওতায় আনুমানিক ১৫ থেকে ১৬ হাজার গ্রাহকের বিদ্যুৎ সরবরাহও বন্ধ হয়েছিল।
তিনি আরও বলেন, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ও কারওয়ান বাজারের ব্যবসায়িক এলাকায় বিকেল ৫টার মধ্যে বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়েছে। পরিস্থিতি অনুকূলে থাকলে রাত ১০টার মধ্যে সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।
এনএস/জেএইচ








