চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার একটি গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গ্যারেজে থাকা সিএনজিচালিত দুটি অটোরিকশা ও একটি মোটরসাইকেল পুড়ে গেছে।
শনিবার (১১ জুলাই) বেলা ২টার দিকে উপজেলার নাজিরহাট পৌরসভার রোসাংগিরী ইউনিয়নের ফারুক চেয়ারম্যানের ঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্যারেজটির মালিক স্থানীয় বাসিন্দা নূর আহমদ। দুপুরে হঠাৎ গ্যারেজের ভেতর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে টিনশেড গ্যারেজে আগুন ছড়িয়ে পড়ে এবং ভেতরে থাকা যানবাহনগুলো পুড়ে যায়।
খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে তাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয়রা জানান, দ্রুত আগুন নিয়ন্ত্রণে না এলে আশপাশের দোকান ও বসতঘরেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল।
আরও পড়ুন
লোহাগাড়ায় আগুনে পুড়লো সাত দোকান
ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিরঞ্জন কুমার বড়ুয়া বলেন, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। তবে তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুটি অটোরিকশার মালিক মোহাম্মদ জয়নাব ও মোহাম্মদ মজু ইসলাম। পুড়ে যাওয়া মোটরসাইকেলটির মালিক মোহাম্মদ ইয়াকুব।
স্থানীয়রা জানান, গ্যারেজ ও যানবাহনগুলো সম্পূর্ণ পুড়ে যাওয়ায় মালিকদের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।
এমআরএএইচ/এমএমকে








