সাবেক স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে অপহরণের শিকার হয়েছেন মুন্সীগঞ্জের ইনছান বেপারি নামে যুবক। পরে তাকে ঢাকার গুলশান এলাকার একটি বাসায় আটকে রেখে পরিবারের কাছে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় রোববার রাতে অভিযান চালিয়ে ওই যুবককে উদ্ধার করা হয়। এসময় অপহরণে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধারের পর ইনছান পুলিশকে জানান, তার সাবেক স্ত্রী সাফামনি কৌশলে তাকে ঢাকায় নিয়ে যান। সেখানে সাফামনির কথিত প্রেমিক নাইমসহ কয়েকজন তাকে একটি বাসায় আটকে রেখে মারধর করেন। গ্রেফতাররা হলো নোয়াখালীর চরজব্বার এলাকার মো. সোহেল, সুধারাম এলাকার বেলায়েত হোসেন এবং টাঙ্গাইলের ধনবাড়ী এলাকার রোমান ইসলাম। জানা যায়, উদ্ধার হওয়া যুবক ইনছান বেপারির বাড়ি মুন্সীগঞ্জ সদরের মহাকালী ইউনিয়নের ঘাসিপুকুরপাড় গ্রামে। শুক্রবার রাতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফেরেননি। পরদিন তার নাম্বার থেকে কল দিয়ে চার লাখ টাকা মুক্তিপণ না দিলে তাকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়। পরে তার মা এ বিষয়ে থানায় অভিযোগ করেন।
রাজনীতি
ঢাকায় সাবেক স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে যুবক জিম্মি

শেয়ার করুন







