ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন মুরগি ও ডিম খামারিরা। সোমবার দুপুরে উপজেলার কুল্লা ইউনিয়নের লাড়ুয়াকুন্ড এলাকার ঢাকা-আরিচা মহাসড়কের বাংলাদেশ বেতারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। খাদ্যের দাম বৃদ্ধি, ডিম ও মুরগির দাম কম হওয়ার প্রতিবাদে পাঁচ শতাধিক মুরগি খামারি এ মানববন্ধন করেন। আন্দোলনকারীরা বলেন, মুরগির খাদ্য ও ওষুধপত্রের দাম বেড়ে আকাশ চুম্বি হওয়ায় এবং ডিম ও মুরগির দাম কমে যাওয়ায় খামারিরা দিন দিন ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অনেক খামারি নিঃস্ব হয়ে পথে বসে গেছেন। শুধু ভবিষ্যতের আশায় খামারিরা লোকসান গুনতে গুনতে এখন দিশেহারা হয়ে পড়েছেন।

বর্তমানে তাদের পুনর্বাসন করা না হলে মুরগি ও ডিমের খামার টিকিয়ে রাখা কারও পক্ষে সম্ভব হবে না। সরকার খামারিদের পুনর্বাসনের কথা বারবার বললেও বাস্তবে তার প্রতিফলন ঘটেনি। ওসি দেবাশীষ সানা বলেন, মুরগি ও ডিম খামারিরা তাদের কয়েকটি ন্যায্য দাবিতে মানববন্ধন করেছেন। অবরোধ করলে আমরা তাদের বুঝিয়ে রাস্তার একপাশে দাঁড় করিয়ে দেই।