মুন্সীগঞ্জ জেলা কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি অসুস্থ হয়ে পড়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। সেখানে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় সোমবার দুপুরের দিকে তাকে আবার মুন্সীগঞ্জ জেলা কারাগারে ফিরিয়ে আনা হয়। এর আগে একই দিন ভোরে শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে দীপু মনিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকরা।

মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার এনায়েত উল্লাহ জানান, প্রায় পাঁচ মাস আগে দীপু মনিকে মুন্সীগঞ্জ জেলা কারাগারে আনা হয়। তিনি আগে থেকেই অ্যালার্জির সমস্যায় ভুগছিলেন। রোববার রাত থেকে অসুস্থবোধ করায় সোমবার ভোরে তাকে হাসপাতালে নেওয়া হয়। তিনি আরও বলেন, ঢামেক হাসপাতালে নেওয়ার পর তাকে ভর্তি করতে হয়নি। প্রয়োজনীয় চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার উন্নতি হয়। বেলা ১টার দিকে তিনি কারাগারে পৌঁছান।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. আরিফুজ্জামান জানান, দীপু মনি কিডনিসংক্রান্ত সমস্যায়ও ভুগছিলেন। রাত সাড়ে ৪টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। সকাল ৬টা পর্যন্ত চিকিৎসা দেওয়ার পর ঢামেক হাসপাতালে পাঠানো হয়।