রাজধানীর ধানমন্ডিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ‘সুধাসদন’ থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।শনিবার বেলা ১১টার দিকে ধানমন্ডি ৫ নম্বর সড়কের ওই ভবন থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য বিকেলে লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।নিহত যুবকের নাম মো. শাকিল। ২০ বছর বয়সী শাকিল মোহাম্মদপুরের ঝিগাতলার শিবপুরটালি অফিস এলাকার সেকান্দার আলী মাতুব্বরের ছেলে। পরিত্যক্ত এই ভবনে কীভাবে ওই যুবক প্রবেশ করলেন এবং মৃত্যুর ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, তা খতিয়ে দেখছে পুলিশ।ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করে ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ওয়াদুজ্জামান বলেন, "আমরা স্থানীয় লোকজনের মুখে জানতে পারি, ধানমন্ডি সুধাসদনে অজ্ঞাতপরিচয় এক যুবক গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়।"মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পাশাপাশি নিহতের পরিচয় নিশ্চিত করতে প্রযুক্তির সহায়তা নেওয়া হয়। পরিচয় শনাক্তকরণের বিষয়ে এসআই ওয়াদুজ্জামান জানান, এ ঘটনায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) খবর দিলে তারা আঙুলের ছাপের মাধ্যমে ওই যুবকের পরিচয় শনাক্ত করে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

হঠাৎ করে পরিত্যক্ত সুধাসদনে যুবকের ঝুলন্ত দেহ পাওয়ার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ময়নাতদন্তের রিপোর্ট ও পারিপার্শ্বিক প্রমাণের ওপর ভিত্তি করেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।