বাংলাদেশ পুলিশের ডিআইজি পদমর্যাদার চারজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন পদে বদলি ও পদায়ন করা হয়েছে।মঙ্গলবার (২১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি পদ থেকে মো. আতাউল কিবরিয়াকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনার (ডিআইজি) পদ থেকে আবদুল কুদ্দুস চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।মোহাম্মদ জহিরুল হাসান খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পুলিশ কমিশনার (ডিআইজি) পদ থেকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পেয়েছেন।সারোয়ার মুর্শেদ শামীমকে পুলিশ অধিদপ্তরের (ঢাকা) ডিআইজি পদ থেকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে।প্রজ্ঞাপনে আরও জানানো হয়, গত ২৮ জুন এক স্মারকে জারিকৃত প্রজ্ঞাপনে সিআইডির ডিআইজি সিয়া মাসুদ করিমকে এপিবিএন-এ বদলির যে আদেশ দেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে।রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌহিফ আহমেদ। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।