রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার পিয়াদাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশের পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে গণধোলাই দেওয়ার পর পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৫ আগস্ট) ডিবি পুলিশের পরিচয় দিয়ে হাসিবুল হাসান ও মো. সোহেল রানা নামে দুই ব্যক্তি পিয়াদাপাড়ার বাসিন্দা সোহেল রানার বাড়িতে যান। এ সময় তারা ভয়ভীতি প্রদর্শন করে ৬০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যান বলে অভিযোগ রয়েছে।
আরও পড়ুন
চট্টগ্রামে হাসপাতাল-স্কুলে সিডিএ চেয়ারম্যানের অভিযান, নানা অনিয়ম
অভিযোগ রয়েছে, পরদিন বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ওই দুই ব্যক্তি পুনরায় একই বাড়িতে গিয়ে আরও টাকা দাবি করেন। এতে স্থানীয়দের সন্দেহ হলে তারা দুজনকে আটক করেন। একপর্যায়ে উত্তেজিত জনতা তাদের গণধোলাই দেয়। পরে খবর পেয়ে বাঘা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, আটক হাসিবুল হাসান (২৫) নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের চিথলিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তিনি চাকরিচ্যুত সেনাসদস্য। অপর আটক মো. সোহেল রানা (২৮) একই উপজেলার মাড়িয়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান, আটক দুই ব্যক্তি বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে।
mohm
মনির হোসেন মাহিন/এমআরএম








