ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে নিয়োগ পেয়েছেন মো. সাইদুর রহমান। আগামী এক বছরের জন্য তাকে এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
উপসচিব মো. গোলাম রব্বানীর সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. সাইদুর রহমানকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে ভারতের নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
এই নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে পরবর্তী ১ বছর। এছাড়া নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও জনস্বার্থে জারি করা ওই আদেশে উল্লেখ করা হয়েছে।
সাইদুর রহমান দীর্ঘদিন ধরে জাতীয় গণমাধ্যমে সাংবাদিকতা করছেন। তিনি দৈনিক ইত্তেফাকের রাজনীতি ও নির্বাচনবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।








