ডিমলা প্রাথমিক বিদ্যালয়ের রেশ কাটতে না কাটতে এবার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে শরীর ম্যাসাজ করার ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। ডিমলায় খগাবড়বাড়ী বালিকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এক শিক্ষার্থীকে দিয়ে এক শিক্ষিকার শরীর ম্যাসাজ করানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নিয়ে এলাকায় বেশ আলোচনা-সমালোচনা চলছে, আর বিষয়টি খতিয়ে দেখতে শিক্ষা কর্তৃপক্ষও ব্যবস্থা নিয়েছে। অভিযুক্ত শিক্ষিকার নাম তিলোত্তমা রানী রায় (কাব্যতীর্থ)। তিনি ওই বিদ্যালয়ের হিন্দু ধর্মীয় শাখার সহকারী শিক্ষিকা হিসাবে কাজ করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, বিদ্যালয়ের শ্রেণিকক্ষ বা পাঠদানের সময়ে এক শিক্ষার্থীকে দিয়ে শিক্ষিকা শরীর ম্যাসাজ করাচ্ছেন। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, কোনো শিক্ষার্থীকে ব্যক্তিগত কাজে বা শিক্ষক-শিক্ষিকার সুবিধার জন্য ব্যবহার করা নৈতিকতা ও পেশাগত আচরণবিধির পরিপন্থি। তাই এ ধরনের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

অভিভাবকদের অনেকেই বলছেন, বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক-শিক্ষিকাদের আচরণ সব সময় দায়িত্বশীল আর পেশাগত মানের মধ্যে থাকা উচিত। এমন অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করে এবং শিক্ষার্থীদের মানসিক নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলে। অভিযুক্ত শিক্ষিকার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আফরোজা বেগম বলেন, ‘ওই শিক্ষিকাকে ইতোমধ্যে শোকজ করার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তসাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’