আগামীকাল থেকে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে দেখা যাবে বাংলায় ডাবিং করা মাইক্রোড্রামা ‘দ্য লিটল লাকি স্টার’। বাংলায় নাম দেওয়া হয়েছে ‘সৌভাগ্যের ছোট্ট তারা’। এটি দীপ্ত প্লেতে বাংলায় ডাবিং করা চতুর্থ মাইক্রোড্রামা।
সৌভাগ্যের ছোট্ট তারা ধারাবাহিকটি একটি হৃদয়ছোঁয়া পারিবারিক ও ফ্যান্টাসি গল্প, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে ছোট্ট মেয়ে সু বাও। তার জন্মের পর থেকেই পরিবারের সদস্যদের মাঝে নানা ষড়যন্ত্র ও ভুল-বোঝাবুঝির কারণে তাকে দুর্ভাগ্যের প্রতীক মনে করা হয়। সু বাওয়ের মা এক রহস্যময় ও অশুভ শক্তির কারণে শূন্য জগতে বন্দী হয়ে পড়ে।
সু বাওকে দত্তক নেয় একটি পরিবার। তারাও একপর্যায়ে সু বাওকে অবহেলা ও কষ্ট দিতে শুরু করে। মাকে হারিয়ে এবং দত্তক নেওয়া পরিবারের ভালোবাসা না পেয়ে সু বাও শেষ পর্যন্ত তার মামার বাড়িতে আশ্রয় নেয়। সময়ের সঙ্গে সে নিজের অতীতের সত্য জানতে ও বুঝতে শুরু করে। সে তার বাবার সন্ধান পায়। এ সময় তার পাশে দাঁড়ায় শক্তিশালী আধ্যাত্মিক গুরু এঞ্জেল মাস্টার জি, যে ওকে বিভিন্ন রহস্যের সমাধান করতে এবং নিজের ক্ষমতা সম্পর্কে জানতে সাহায্য করে। মাস্টার জির সহায়তায় সু বাও বিপৎসংকুল যাত্রায় বের হয় এবং একের পর এক বাধা অতিক্রম করে অবশেষে তার বন্দী মায়ের খোঁজ পায়।
মাহমুদুল হাসান মুরাদের তত্ত্বাবধানে অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনায় কাজ করেছে দীপ্ত টিভির নিজস্ব সংলাপ রচয়িতার দল। কণ্ঠাভিনয়ের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জয়শ্রী মজুমদার লতা। বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছে দীপ্ত টিভির কণ্ঠাভিনয় টিম।








