বর্ষার আবহে কোক স্টুডিও বাংলার নতুন গান
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে কোক স্টুডিও বাংলা নিয়ে এসেছিল ‘রুম ঝুম’। এই গান দিয়ে শুরু হয়েছে কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজন। এবার বর্ষার আবহে প্ল্যাটফর্মটি নিয়ে এসেছে সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’। গতকাল রোববার সন্ধ্যায় প্রকাশ পেয়েছে গানটি।
মেঘ গানটিতে একসঙ্গে কাজ করেছেন সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব এবং শাস্ত্রীয় সংগীতশিল্পী ও সুরকার মোহাম্মদ শোয়েব। বর্ষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা শাস্ত্রীয় রাগ ‘মিয়াঁ কি মালহার’ থেকে অনুপ্রাণিত হয়ে গানটি তৈরি হয়েছে। এতে উঠে এসেছে বর্ষাকে ঘিরে মানুষের প্রতীক্ষা, নতুন শুরুর আশা এবং জীবনের পুনর্জাগরণের অনুভূতি।
গানটির একটি বিশেষ দিক হলো বাংলা সংস্কৃতির চিরায়ত উপাদানকে নতুনভাবে উপস্থাপন। রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য থেকে অনুপ্রেরণা নিয়ে, আধুনিক স্পোকেন ওয়ার্ডের সংযোজনে মেঘ গানটি পরিচিত ভাবনাকে নতুন আঙ্গিকে তুলে ধরেছে। একই সঙ্গে আধুনিক সংগীতায়োজন, সমকালীন কণ্ঠ এবং শাস্ত্রীয় সংগীতের আমেজ এক হয়ে গানটিকে দিয়েছে ভিন্ন মাত্রা। কণ্ঠ দিয়েছেন মাশা ইসলাম, মোহাম্মদ শোয়েব ও মৌসুমি।
গত শনিবার রাতে কোক স্টুডিও বাংলার ফেসবুক পেজে মেঘ গানের ঘোষণা দেওয়ার পর থেকে উচ্ছ্বাসিত সংগীতশিল্পী মাশা। তিনি জানান, তিন বছর আগে এই গানে কণ্ঠ দিয়েছিলেন। দীর্ঘ সময় পর প্রকাশ পাওয়ায় দারুণ খুশি তিনি।
শায়ান চৌধুরী অর্ণব জানান, বাংলা সাহিত্য, সংগীত ও সংস্কৃতিতে বর্ষা বরাবরই বিশেষ অনুপ্রেরণার উৎস। সেই ঐতিহ্যকে আধুনিক সংগীতের ভাষায় নতুনভাবে তুলে ধরেছে মেঘ। শাস্ত্রীয় প্রভাব ও সমকালীন সংগীতের মিশ্রণে গানটি শ্রোতাদের জন্য নিয়ে এসেছে বর্ষাকে নতুনভাবে অনুভব করার এক অনন্য অভিজ্ঞতা।
কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে দেখার পাশাপাশি স্পটিফাইসহ বিভিন্ন ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে চতুর্থ সিজনের নতুন গান মেঘ।








