গ্রীষ্মের ফ্যাশন মানেই স্বস্তি, হালকা রং আর ছুটির উচ্ছ্বাস। সেই আবহই যেন স্টাইলের ভাষায় ফুটিয়ে তুলেছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। তুরস্ক ভ্রমণে শেয়ার করা তাঁর দুটি সামার লুক নজর কেড়েছে ফ্যাশনপ্রেমীদের। রইল বিস্তারিত...

গ্রীষ্মকে যদি রং, আলো আর ফ্যাশনের ভাষায় উদ্‌যাপন করা যায়, তবে তার দারুণ এক উদাহরণ নুসরাত ফারিয়ার সাম্প্রতিক দুটি লুক। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে 'সামারিং' ক্যাপশনে শেয়ার করা ছবিগুলোতে অভিনেত্রীকে দেখা গেছে একেবারে ছুটির আমেজে।

সমুদ্রের নীল জল, সূর্যাস্তের কোমল আলো আর শহুরে ক্যাফের রোদেলা দুপুর—দুটি ভিন্ন আবহে আলাদা স্টাইলে ধরা দিয়েছেন তিনি।

ভ্রমণপ্রিয় এই অভিনেত্রীকে এর আগেও একাধিকবার দেশের বাইরে ঘুরে বেড়াতে দেখা গেছে। এবার নিখাদ সামার ভ্যাকেশনের স্বাদ নিতে তিনি পাড়ি জমিয়েছেন তুরস্কে।

প্রথম লুকে তাঁর পরনে ছিল অলিভ-চার্ট্রুজ (হলুদাভ-সবুজ) রঙের একটি হল্টার-নেক প্লাঞ্জিং ম্যাক্সি ড্রেস। পোশাকটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর ডিপ ভি-নেকলাইন, যা বুকের অংশে নরম প্লিটেড ড্রেপিংয়ের মাধ্যমে আরও এলিগ্যান্ট হয়ে উঠেছে। ড্রেসের প্রবাহমান সিলুয়েট সমুদ্রতীরের পরিবেশের সঙ্গে দারুণভাবে মানিয়ে গেছে।

লুকটি সম্পূর্ণ করতে তিনি বেছে নিয়েছেন মিনিমাল অ্যাকসেসরিজ। হাতে ব্রেসলেট, আংটি ও ঘড়ির সঙ্গে ছিল সাদা রঙের স্ট্রাকচার্ড বক্সি টপ-হ্যান্ডেল মিনি ব্যাগ, যা পুরো সাজে যোগ করেছে ট্রেন্ডি ছোঁয়া। চোখে গোল্ড-টোন রিমলেস সানগ্লাস, কানে পার্ল জুয়েলারি এবং হালকা গ্ল্যাম মেকআপে ফুটে উঠেছে তাঁর স্বাভাবিক সৌন্দর্য।

খোলা, বাতাসে উড়তে থাকা চুল সমুদ্রের মনোরম আবহের সঙ্গে মিশে পুরো লুকটিকে করেছে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয়। শুধু সমুদ্রই নয় , ক্যাফেতে বসে উপভোগ করেছেন নিজের প্রিয় বাস্ক বার্ন্ট চিজকেক ডেজার্টও।

অন্যদিকে দ্বিতীয় লুকে নুসরাত ফারিয়া বেছে নিয়েছেন একেবারে শহুরে সামার স্টাইল। রোদেলা দুপুরে তাঁর পরনে ছিল আকাশি ওয়ান-শোল্ডার কো-অর্ড সেট।

ফিটেড টপ ও ম্যাচিং বটমের এই সমন্বয় লুকে এনে দিয়েছে আধুনিক  আবেদন। হাতে ধরা আইসড কফি যেন পুরো ফ্রেমে যোগ করেছে নিখাদ সামার ভ্যাকেশনের আমেজ।

এই লুকে তিনি সঙ্গে নিয়েছেন শ্যানেলের কালো চেইন-স্ট্র্যাপ ব্যাগ। হাতে শোভা পাচ্ছে লেদার ঘড়ি, কানে হুপ দুল এবং একই স্টাইলের সানগ্লাস লুকটিকে করেছে আরও সুন্দর ।

সমুদ্রের ধারে সোনালি সন্ধ্যা হোক কিংবা শহরের ক্যাফেতে অলস বিকেল- নুসরাত ফারিয়ার এই দুটি সামার লুক যেন মনে করিয়ে দেয়, ছুটির আসল সৌন্দর্য শুধু গন্তব্যে নয়, সেটিকে কীভাবে নিজের স্টাইলে উদ্‌যাপন করা যায়, সেখানেও।

ছবি: নুসরাত ফারিয়ার ইন্সটাগ্রাম