ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের পদ্মা নদীর একটি শাখা খালে গোসল করতে নেমে মারুফ নামে এক এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ হয়েছে। শুক্রবার বিকালে মাহমুদপুর ইউনিয়নের চরবৈতা এলাকায় ঘটনাটি ঘটে।

নিখোঁজ শিক্ষার্থী চরবৈতা গ্রামের সৌদি প্রবাসী শেখ জালাল উদ্দিনের ছেলে। প্রাথমিকভাবে জানা গেছে, সে চলতি বছর দোহারের চরলটাখোলা টাচস্টোন স্কুল থেকে ব্যবসায় শিক্ষা (বিজনেস স্টাডিজ) বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে মারুফ পদ্মা নদীর শাখা খালে গোসল করতে নামে। একপর্যায়ে পানিতে তলিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধারের চেষ্টা চালালেও শুক্রবার রাত ১০টা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।