দেশে ছানি অপারেশনের অভাবে দৃষ্টিহীন হয়ে পড়া প্রায় ১০ লাখ মানুষের অন্ধত্ব দূর করতে দেশব্যাপী বিনামূল্যে ও সুলভমূল্যে ছানি অপারেশনের মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অন্ধত্ব প্রতিরোধবিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইএপিবি’র প্রধান নির্বাহী পিটার হল্যান্ডের সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, আগামী নভেম্বরে অ্যান্টিগায় বিশ্বের প্রথম ‘গ্লোবাল সামিট অন আই হেলথ’ (বৈশ্বিক চক্ষু স্বাস্থ্য সম্মেলন)-এ আয়োজক দেশ অ্যান্টিগার পাশাপাশি বাংলাদেশ যৌথভাবে কো-হোস্ট হিসাবে ভূমিকা রাখবে। এতে চূড়ান্ত সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে এই মুহূর্তে প্রায় ১০ লাখ মানুষ চোখের ছানি অপারেশনের অভাবে দৃষ্টি প্রতিবন্ধী বা অন্ধত্ব বরণ করে আছেন। এই বিশাল জনগোষ্ঠীর দৃষ্টিশক্তি ফিরিয়ে আনা সরকারের মূল লক্ষ্য।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এই উদ্যোগ নিয়েছেন। এই ১০ লাখ মানুষের জন্য আমরা দেশব্যাপী সুলভমূল্যে এবং বিনামূল্যে ছানির অপারেশনের ব্যবস্থা করার বড় কর্মসূচি হাতে নিচ্ছি। সাধারণ মানুষের ভোগান্তি ও খরচ কমাতে ইতোমধ্যে এই বাজেটে চোখের ছানি অপারেশনের পর যে লেন্সটি দেওয়া হয়, তার ওপর থেকে কর (ট্যাক্স) কমিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী।