ফরিদপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক সদর সাবরেজিস্ট্রার মো. ইউসুফ আলী মিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সাবরেজিস্ট্রি অফিসে একটি মূল্যবান হেবা ঘোষণাপত্র দলিলের গুরুত্বপূর্ণ অংশ ফ্লুইড দিয়ে মুছে ও ঘষামাজা করে জমি আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে মামলাটি করা হয়। রোববার বিকালে ফরিদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সেলিম রেজা তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলায় অন্য চার আসামি হলেন-ফরিদপুর সাবরেজিস্ট্রি অফিসের তুলনাকারক মো. মেহেদী হাসান, নকলকারক মনোয়ার হোসেন, পাঠক মো. জাহিদ শেখ এবং দলিলের দাতা মো. জিন্নাহ শেখ। মামলার বিবরণ সূত্রে জানা যায়, ফরিদপুর সদর সাবরেজিস্ট্রি অফিসের একটি হেবা ঘোষণাপত্র দলিল জালিয়াতির মাধ্যমে তথ্য পরিবর্তন করে জমি আত্মসাতের চেষ্টা করা হয়। অভিযোগ অনুযায়ী, সাবেক সাবরেজিস্ট্রারসহ পাঁচজন পরস্পরের যোগসাজশে দলিলের মূল কপির ষষ্ঠ পৃষ্ঠার গুরুত্বপূর্ণ অংশ ফ্লুইড দিয়ে মুছে এবং ঘষামাজা করে দলিলের প্রকৃত তথ্য পরিবর্তন করেন।

বিষয়টি নিশ্চিত করে দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিদর্শক শামীম হোসেন জানান, তদন্তে যদি এ ঘটনার সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা কর্মকর্তার সম্পৃক্ততা পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মামলায় অন্তর্ভুক্ত করা হবে।