বড়াইগ্রামের গোপালপুর গ্রামে একটি কুলখানি অনুষ্ঠানে দাওয়াত খেতে এসে ভ্যান চুরির চেষ্টার অভিযোগে ষাটোর্ধ্ব দুই বৃদ্ধকে আটক করে স্থানীয়রা। পরে গাছের সঙ্গে বেঁধে রাখার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয় এবং ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। শুক্রবার বিকালে কুলখানির অনুষ্ঠানে খাওয়ার আগে একটি ভ্যান সন্দেহজনকভাবে অনুসরণ করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দুই বৃদ্ধের একজন ভ্যানচালকের সঙ্গে খেতে বসেন। অন্যজন কিছুক্ষণ পর উঠে একটি চাবি দিয়ে ভ্যানের তালা খুলে চালিয়ে নেওয়ার চেষ্টা করলে আগে থেকেই নজরদারিতে থাকা কয়েকজন যুবক তাকে হাতেনাতে ধরে ফেলেন। পরে উত্তেজিত জনতা দুজনকে গাছের সঙ্গে বেঁধে রাখে। তবে আয়োজকদের দাবি, তাদের মারধর বা শারীরিক নির্যাতন করা হয়নি। বড়াইগ্রাম পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মোবারক হোসেন টিপু জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে দুই বৃদ্ধকে মুক্ত করেন। জিজ্ঞাসাবাদে তাদের পারিবারিক অবস্থা বিবেচনায় নিয়ে ভবিষ্যতে এমন কাজ না করার অঙ্গীকারে ছেড়ে দেওয়া হয়।
পৌর যুবদলের সভাপতি আব্দুল খালেক সরকার বলেন, ভ্যানটি ছিল ঋণ করে কেনা এক চালকের জীবিকার একমাত্র অবলম্বন। তাই চুরির চেষ্টা গুরুতর হলেও মানবিক দিক বিবেচনায় তাদের বুঝিয়ে নিজ বাড়িতে পাঠানো হয়েছে। কুলখানির আয়োজক ইসলাম উদ্দিন জানান, দুই বৃদ্ধ তাদের আত্মীয় নন। তাদের কাছ থেকে বেশ কয়েকটি চাবি উদ্ধার করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে মুচলেকা দেওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়।








