মানিকগঞ্জে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। অভিযানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় দুটি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে অপর একটি হাসপাতালকে মুচলেকা নিয়ে সতর্ক করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) দুপুরে মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, লাইসেন্স দীর্ঘদিন ধরে নবায়ন না করা, পরিদর্শনের সময় কর্তব্যরত চিকিৎসকের অনুপস্থিতি, লেবার রুম না থাকা এবং প্যাথলজি ও ডায়াগনস্টিক বিভাগে নানা অনিয়মের অভিযোগে আল রাফী জেনারেল হাসপাতাল, যমুনা জেনারেল হাসপাতাল ও মডার্ন ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া মানিকগঞ্জ শিশু ও জেনারেল হাসপাতালে কিছু অনিয়ম শনাক্ত হওয়ায় প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকা নিয়ে সতর্ক করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, আল রাফী জেনারেল হাসপাতাল ও যমুনা জেনারেল হাসপাতালের লাইসেন্স দীর্ঘদিন ধরে নবায়ন করা হয়নি। অভিযানের সময় প্রতিষ্ঠান দুটিতে কোনো কর্তব্যরত চিকিৎসক পাওয়া যায়নি। পাশাপাশি সেখানে লেবার রুমও ছিল না। এছাড়া তিনটি প্রতিষ্ঠানের প্যাথলজি ও ডায়াগনস্টিক বিভাগে বিভিন্ন ধরনের অনিয়ম ধরা পড়ে।
মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস বলেন, ‘জনগণের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে নিয়মিত তদারকি ও অভিযান পরিচালনা করা হবে। আজ তিনটি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করা হয়েছে এবং একটি প্রতিষ্ঠানকে মুচলেকা নিয়ে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
মো: সজল আলী/কেজে/জেআইএম








