কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ রেলস্টেশনে লোকাল ট্রেনের যাত্রাবিরতি এবং যাত্রী নিরাপত্তায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।শনিবার (১ আগস্ট) দুপুরে নবনির্মিত এই স্টেশনটি পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, ‘ইসলামাবাদ স্টেশনে লোকাল ট্রেনের যাত্রাবিরতি এবং স্টেশন ও যাত্রীদের নিরাপত্তায় খুব শিগগিরই পদক্ষেপ নেওয়া হবে। তবে ঢাকা-কক্সবাজারগামী আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির ক্ষেত্রে কিছু কারিগরি সীমাবদ্ধতা রয়েছে।’এর আগে সকালে কক্সবাজার আইকনিক রেল স্টেশন ও রামু স্টেশন পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। পরে গ্যাংকারযোগে স্থানীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল এবং বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্বাঞ্চল) মো. সুবক্তগীনকে সঙ্গে নিয়ে তিনি ইসলামাবাদ স্টেশনে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিনু মার্মা, ঈদগাঁও থানার উপ-পরিদর্শক সনক কান্তি দাশ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।রেলপথ প্রতিমন্ত্রী আরও জানান, স্থানীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল স্টেশনের সমস্যাগুলো নিয়ে ইতিমধ্যে লিখিতভাবে তাকে অবহিত করেছেন।পরিদর্শন শেষে সংসদ সদস্য ও ইউএনওর উপস্থিতিতে স্টেশন মাস্টারদের সঙ্গে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্টেশনের সার্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা হয় এবং রাতে পুলিশি টহল নিশ্চিত করার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।রেলওয়ে সূত্রে জানা যায়, গত ২ জুন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই স্টেশনের অপারেশনাল কার্যক্রম ও ট্রেনের যাত্রাবিরতি হঠাৎ বন্ধ করে দেওয়া হয়েছিল। দীর্ঘ দুই মাস পর ১ আগস্ট থেকে স্টেশনের কার্যক্রম পুনরায় চালু হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
রাজনীতি
দুই মাস পর সচল ইসলামাবাদ স্টেশন, পরিদর্শনে রেলপথ প্রতিমন্ত্রী

শেয়ার করুন







