বাগেরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলিম পরীক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার (১৮ জুলাই) দুপুরে সদর উপজেলার যাত্রাপুর বাজারের রহিমাবাদ স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আরাফাত (১৮) ও মইনুল কাজী (৫২)। তাদের দুজনই বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ জানায়, দুপুরের দিকে যাত্রাপুর বাজারের রহিমাবাদ স্কুলের সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে খুলনায় এবং একজনকে বাগেরহাট সদর হাসপাতালে নেয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়। আহত মইনুল কাজীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল আনুমানিক ৪টার দিকে তিনি মারা যান।
অপরদিকে আলিম পরীক্ষার্থী আরাফাতকে খুলনার সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুল আরেফিন বলেন, সদর উপজেলার যাত্রাপুর বাজারের রহিমাবাদ স্কুলের সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।
নাহিদ ফরাজী/কেএইচকে








