আল্লাহ গো আল্লাহ, তোমার পায়ে ধইরা দোয়া করতেছি, আব্বারে ভালা কইরা দেও-এমন হৃদয়বিদারক আকুতি নাজিম উদ্দীনের দুই অবুঝ সন্তানের। তাদের কান্না আর বাবাকে ফিরে পাওয়ার আকুল আবেদন সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে, যা অনেকের হৃদয় স্পর্শ করেছে। বারহাট্টার বিক্রমশ্রী গ্রামের নাজিম উদ্দীন ভুল চিকিৎসায় একটি পায়ে সংক্রমণ ছড়িয়ে কোমর পর্যন্ত পৌঁছেছে বলে দাবি করেছেন তার পরিবারের সদস্যরা। দীর্ঘদিন চিকিৎসা করাতে গিয়ে পরিবারের সঞ্চয় শেষ হয়ে গেছে। বর্তমানে উন্নত চিকিৎসার ব্যয় বহন করতে না পেরে মানবেতর জীবনযাপন করছেন তিনি। নাজিম উদ্দীনের মা জানান, ছেলেকে সুস্থ করতে সর্বোচ্চ চেষ্টা করা হলেও অর্থাভাবে এখন চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। তাই তিনি সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন।








