চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নে মো. জাবেদ (৩৬) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি নিয়ে পরিবারের একাংশ সন্দেহ প্রকাশ করলেও পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
স্বজনদের ভাষ্য, জাবেদের দুই স্ত্রী রয়েছে। তিনি উভয়ের সঙ্গেই সংসার করলেও ঘটনার রাতে ছোট স্ত্রী রিনা আক্তারের সঙ্গে ওই ভাড়া বাসায় ছিলেন। এ ঘটনায় তার বড় স্ত্রী, ভাই-বোন ও অন্যান্য স্বজন মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।
শুক্রবার (৩ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সোল্লার বাপের বাড়ি এলাকার একটি ভাড়াবাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জাবেদ কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাওলানা হাসেমের বাড়ি এলাকার মো. নাজেমের ছেলে।
পুলিশ জানায়, বাসার একটি কক্ষে গলায় ওড়না পেঁচানো অবস্থায় জাবেদকে দেখতে পান তার স্বজনেরা। পরে প্রথম স্ত্রী, ভাই-বোন ও অন্যান্য স্বজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমআরএএইচ/এমএএইচ/








