ময়মনসিংহ সদর উপজেলায় ১০ম শ্রেণির শিক্ষার্থী আকাশ হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড ও দুজনের ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. শামছউদ্দিন এই রায় ঘোষণা করেন।
রায়ে বিচারক এনামুল হক ও নাজমুল হককে মৃত্যুদণ্ড দিয়েছেন এবং ৫০ হাজার টাকা করে জরিমানা করেন। এনামুল হক এখনো পলাতক রয়েছেন। এই মামলায় জিয়াউল হক, জুলহাস উদ্দিনকে ৭ বছর সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা করে জরিমানা করেন। অনাদায়ে বিচারক তাদেরকে আরও ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সদর উপজেলার অষ্টধার উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণির ছাত্র সৈকত হাসান আকাশ ও জেসমিন আক্তারের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে জেসমিনের বাবা জিয়াউল হক মেনে নিতে পারেননি। তাই পূর্বপরিকল্পিতভাবে ২০২১ সালের ১৯ মে রাতে জেসমিন মোবাইলে আকাশকে দেখা করতে তার বাড়ি আসতে বলে। এরপর সে আর বাড়ি ফিরে যায়নি। পরে পুলিশ জেসমিনের বাড়ির পাশে বাঁশঝাড় থেকে তার লাশ উদ্ধার করে।
পরদিন ২২ মে আকাশের বাবা আকরাম হোসেন কোতোয়ালি মডেল থানায় জিয়াউল হক, জুলহাস উদ্দিন, এনামুল হক, নাজমুল হক, নেজামুল হক, রুমান, হযরত আলী, আনিছ, আব্দুল লতিফ, অজুফা, রুজিনা, নার্গিস, রাহাতুল জান্নাত ও জেসমিন আক্তারের বিরুদ্ধে এজাহার দায়ের করেন।








