ফেনীর দাগনভূঞায় মা-মেয়েকে ধর্ষণের ঘটনায় দুজনের যাবজ্জীবন ও একজনের ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (৫ জুলাই) বিকেলে ফেনী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এএনএম মোর্শেদ খান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের বারাহীগুনী গ্রামের মনু কাজী বাড়ির জয়নাল আবেদীনের ছেলে সাইফুল ইসলাম, একই বাড়ির মৃত মাহমুদ আলীর ছেলে আজাদ ও একই এলাকার জেলে বাড়ির প্রভাত কুমার দাসের ছেলে নিপু কুমার দাস। রায় ঘোষণাকালে আজাদ ও নিপু দাস কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৮ আগস্ট রাতে বাড়িতে ঢুকে কয়েকজন সহযোগী নিয়ে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করেন সাইফুল ইসলাম। এতে বাঁধা দেওয়ায় ওই নারীর মাকেও ধর্ষণ করেন আজাদ ও নিপু। এ ঘটনায় ১১ আগস্ট দাগনভূঞা থানায় তিনজনকে আসামি করে মামলা করেন প্রবাসীর স্ত্রী।
২০১৯ সালের ২০ জানুয়ারি মামলার তদন্ত প্রতিবেদন জমা দেন তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম। মামলায় সাতজনের সাক্ষ্য নেওয়া হয়। সাক্ষ্য-প্রমাণ শেষে এ রায় ঘোষণা করেন আদালত।
আদালত আসামি সাইফুল ও নিপুকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা এবং আজাদকে ১০ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন।
ফেনী নারী ও শিশু নির্যাতন দমন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) সাহাব উদ্দিন আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন।
আবদুল্লাহ আল-মামুন/এসআর








