‘চলো যাই যুদ্ধে-মাদকের বিরুদ্ধে’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষ্যে দুর্গাপুরে আর্জেন্টিনা ও জর্ডানের খেলা দেখতে আসা ফুটবলপ্রেমীদের নিয়ে এক ব্যতিক্রমী আয়োজন করেছে এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশন। রোববার সকালে দুর্গাপুর সাংবাদিক সমিতির কার্যালয়ের সামনে ফুটবলপ্রেমীরা শপথবাক্য পাঠের মাধ্যমে মাদককে লাল কার্ড প্রদর্শন করেন। এ সময় প্রধান অতিথি হিসাবে ছিলেন ওসি শাহীনুর ইসলাম তালুকদার। তিনি বলেন, ফুটবলে লাল কার্ড যেমন মাঠ থেকে বহিষ্কারের প্রতীক, ঠিক তেমনি সমাজ থেকে মাদককে চিরতরে বহিষ্কার করতে হলে লাল কার্ড প্রদর্শন করতে হবে। খেলাধুলা শুধু শারীরিক বিকাশ ঘটায় না, এটি তরুণ ও যুবকদের নিয়মশৃঙ্খলা ও নৈতিকতা শেখায়। মাঠের ওই লাল কার্ড যেন প্রতিজনের মনে মাদকের বিরুদ্ধে একটি স্থায়ী প্রতিরোধ গড়ে তোলে। আমরা পুলিশ প্রশাসন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। এসবি রক্তদান ফাউন্ডেশনের সভাপতি সৈকত সরকার বলেন, মাদক একটি জাতিকে রুগ্ন ও মেধাশূন্য করে দেয়। শুধু আইনের প্রয়োগ দিয়ে নয়, সামাজিক সচেতনতাই পারে সামজ থেকে এ ব্যাধি দূর করতে। তাই আমরা উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সেমিনারের আয়োজন করছি।








