১ কোটি টাকার ওষুধ কিনে ৪ কোটি টাকার বিল তোলার অভিযোগকে ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন বান্দরবানের সিভিল সার্জন মো. শাহীন হোসাইন চৌধুরী। তার সম্মানহানি করতে একটি পক্ষ মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।সোমবার (৬ জুলাই) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।সংবাদ সম্মেলনে শাহীন হোসাইন চৌধুরী বলেন, ‘একটি চক্র আমাকে প্রভাবিত করে টেন্ডার হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু আমি তাতে রাজি হইনি। আগে ম্যানুয়ালি টেন্ডার হওয়ায় একটি নির্দিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পেত। এবার ই-জিপি পদ্ধতি চালু হওয়ায় সেই সুযোগ বন্ধ হয়ে গেছে। এতে ক্ষিপ্ত হয়েই তারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’অর্থবছর শেষের বিল নিয়ে সিভিল সার্জন বলেন, জুন মাস হওয়ায় নিয়ম অনুযায়ী বিল প্রস্তুত করে রাখা হয়েছে। তবে সব ওষুধ ও আনুষঙ্গিক সরঞ্জাম বুঝে পাওয়ার পরই চূড়ান্ত বিল পরিশোধ করা হবে। তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগের তীব্র নিন্দা জানান।সংবাদ সম্মেলনে বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।/